
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফাহাদ হোসাইন
সুন্দরবনের কালাবগি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয় এবং এ ঘটনায় পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুমে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, সংগ্রহ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।