
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলার জেলা প্রশাসক কর্তৃক বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের যাচাই-বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দিনব্যাপী এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এতে সেরা ২১-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি ক্ষুদে ক্রিকেটার (অনূর্ধ্ব-১৬) রাকিমুল ইসলাম রাকিম সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেন।
কর্তৃপক্ষ জানান, সিলেকশন পাওয়া ২১ ক্রিকেটারদের আগামীকাল আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২১ দিনের ন্যাশনাল ক্যাম্পিং। ক্যাম্পিং হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ড একাডেমী মাঠে। চুয়াডাঙ্গা থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকায় গিয়ে সেরা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নেয়ায় পাশাপাশি চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করায় এ ক্রিকেটারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, সহ-সভাপতি সোহেল আকরাম, চুয়াডাঙ্গা সরকারি ভিক্টোরিয়া জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
উল্লেখ্য চুয়াডাঙ্গা ভিক্টরিয়া জুবলি হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাকিমুল ইসলাম রাকিম ইতিপূর্বে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার রামুতে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পেয়েছিল। রাকিমুল ইসলাম রাকিম চুয়াডাঙ্গা রেলপাড়া বাসিন্দা শিক্ষক ও সাংবাদিক ইসলাম রকিবের একমাত্র পুত্র।