
তাজকীর আহসান তামিম, নোবিপ্রবি প্রতিনিধি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৭ শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন। অনুষদের সর্বোচ্চ মেধাতালিকা থেকে মনোনীত এই শিক্ষার্থীরা এক বছরের জন্য মোট ১ লাখ ৮২ হাজার টাকা বৃত্তি পাবেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন: সমুদ্রবিজ্ঞান বিভাগের জাবের বিন আব্দুল বারি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের উম্মে তাফসিরুন ও শাহনাজ আক্তার, অর্থনীতি বিভাগের মোহাম্মদ রিদওয়ান, শিক্ষা বিভাগের ইসা দত্ত, এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের ফাতেমা আক্তার।
প্রত্যেক শিক্ষার্থী বছরে ২৬ হাজার টাকা বৃত্তি পাবেন, যার মধ্যে বইয়ের জন্য ২ হাজার টাকা অন্তর্ভুক্ত। ইউজিসি মেধাবৃত্তির শর্ত অনুযায়ী, বৃত্তিধারীরা বিনা বেতনে অধ্যয়ন করতে পারবেন তবে অন্য কোনো বৃত্তি গ্রহণ করতে পারবেন না।
সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ শাখা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।