
নিজস্ব প্রতিবেদক
রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশন এলাকা এমন নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।
আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের সামনে থেকে নির্বাচন কমিশনের মূল সড়কে বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড। ওইপাশ দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানকার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশেই আশপাশের সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। সব সড়কের প্রবেশ মুখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই পথ দিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে, এমনটাই নির্দেশনা দেওয়া আছে। তবে অন্য সড়ক দিয়ে কার্ড দেখিয়ে ইসির দিকে ঢোকা যাচ্ছে।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের দিকের মূল সড়কেও বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড। সেখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তবে সেই ব্যারিকেড সরিয়ে নির্বাচন কমিশনে আসা অনুমোদিত গাড়ি এবং পেশাগত দায়িত্বে থাকা কার্ডধারীরা প্রবেশ করতে পারছেন। পাশাপাশি সরকারি কর্মকমিশনের দিক থেকে ইসির দিকে আসা সড়কও ব্যারিকেড দিয়ে প্রবেশ, বাহির পুরোপুরি নিয়ন্ত্রিত রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সামনে পুলিশ সদস্য ছাড়াও বিজিবি সদস্যদের মোতায়ন করা আছে। ইসিতে কর্মরত সদস্য এবং ইসি অনুমোদিত কার্ডধারী সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।