
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক মো. কামরুজ্জামান টুলু।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন কামরুজ্জামান টুলু। করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার দাবি করেছেন তার সমর্থকরা।
এলাকার তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
গণসংযোগকালে কামরুজ্জামান টুলু ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে কামরুজ্জামান টুলুর প্রতি তাদের আস্থা রয়েছে। তারা বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের।
চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান টুলু বলেন, “পদের লোভে বা ব্যক্তিগত স্বার্থে চেয়ারম্যান প্রার্থী হইনি। দীর্ঘদিন ধরে আমি এই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করছি। জনগণ আমাকে সুযোগ দিলে ওটরা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ইউনিয়নের বিচার ও সালিশ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে বিশেষ গুরুত্ব দেব।”
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা আরও বাড়বে। বর্তমানে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের পছন্দ, দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচনী পরিবেশই প্রার্থীদের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।