
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে ঢাকা-রংপুর মহাসড়কে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমরে-মুচরে যায়। এসময় ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন – পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার আলমগীর হোসেনের ছেলে ট্রাক চালক রাসেল মিয়া (৪০) এবং একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হেলপার মোহাম্মদ ইব্রাহিম (৩০)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী সেতু এলাকায় সিরাজগঞ্জ থেকে রংপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৫৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অপর একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমরে-মুচরে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। এসময় পথচারীরা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে আহত দুজনকে ট্রাকের ভিতর থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।