
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সকল মেম্বার অনাস্থা জানিয়েছেন। মোট ১২ জন মেম্বারের মধ্যে ১১ জন মেম্বার ২৩ নভেম্বর ২০২৫ তারিখে ইউপি প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দেন।
বর্তমানে ৮নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
অভিযোগকারী মেম্বাররা লিখিত প্রস্তাবে উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। প্রশাসনিক কার্যক্রমেও তিনি অসচ্ছতা সৃষ্টি করছেন। মেম্বারদের অভিযোগ—পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তাদের কোনো মতামত না নিয়েই তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে ঘারিন্দা ইউনিয়নের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা বঞ্চিত হচ্ছে।
১১ জন মেম্বার দ্রুত তদন্তপূর্বক তাকে অপসারণের দাবি জানিয়ে বলেছেন, “এই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ করলে ইউনিয়ন পরিষদ দুর্নীতি ও অনিয়মের কবল থেকে মুক্ত হবে।”
এ বিষয়ে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মেম্বাররা আশা প্রকাশ করেছেন।