
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী (১০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ২২ বছরের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ১২ ঘন্টার মধ্যে ছাত্র সমাজের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকাল নয় টায় উপজেলার আউশনাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলচুঙ্গী এলাকার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল রহিম (২২)।
অভিযুক্ত যুবক আব্দুল রহিম বাবা-মা’র ৫ম সন্তান। যুবকের বিরুদ্ধে পূর্বেও একাধিক বার ধর্ষণের চেষ্টার অভিযোগ আছে।
ভুক্তভোগীর বাবা জানান, সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশে খেলা করছিল তার মেয়ে। এ সময় ওই রহিম তার মেয়েকে ভুট্টা খেতে টেনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার মেয়ে চিৎকার করলে ওই যুবক পালিয়ে যায়। পরে বাড়িতে এসে তার মেয়ে ঘটনার কথা বলে। এরপর তিনি রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে এসআই মোঃ সেলিম সিকদার এর নেতৃত্বে মধুপুর থানার পুলিশের একটি টিম ও ছাত্র সমাজের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল রহিম’কে আটক করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।