
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ম্যাচে বাসাইল উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলার মধ্যকার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে উভয় দল।
খেলায় সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া, বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
প্রথমার্ধে টাঙ্গাইল সদর উপজেলা দল বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও বাসাইলের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। বিরতির পর স্বাগতিক বাসাইল উপজেলা দল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচটি।
ম্যাচ চলাকালে ভারি বৃষ্টিতে মাঠ কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ায় খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে দুই দলের খেলোয়াড়দেরই বল নিয়ন্ত্রণ ও ফিনিশিংয়ে ভোগান্তি পোহাতে হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা ৩-০ গোলের জয় পেয়েছিল বাসাইল উপজেলার বিপক্ষে।