
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাঠবোঝাই নসিমন চালক টনি হোসেন (২০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত টনি গদখালীর বারবাকপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ওই বাসের যাত্রী ইয়ানুর হোসেন বলেন, নাভারণ থেকে আসা যশোরগামী দ্রুতগতির বাসটি বেনেয়ালী ব্রাক অফিসের কাছে কাঠবোঝাই নছিমনের পেছনে ধাক্কা দেয়। এ সময় নছিমন চালক টনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং কাঠের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, স্থানীয় নারীরা রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, আইনি কার্যক্রম শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।