
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে বৃদ্ধা আহাতন বেওয়াকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. বাদল ওরফে বাবু (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত বাদলকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত মো. বাদল ওরফে বাবু জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, বাদল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানের কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাদল কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
পরে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে বাদল সেহাব উদ্দিনের বাসায় গিয়ে তার বৃদ্ধা মা আহাতন বেওয়াকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে পুলিশ ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে বাদলকে গ্রেপ্তার করে। মামলার পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানান, মালিকের ওপর ক্ষোভের জেরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত বাদলকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।