
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের বড় ভাই হালিম রেজা জানান, সুরমান রেজা ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।