
নিউজ –
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে সাত কলেজ শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হলেও এটি ছিল একেবারেই অপরিকল্পিত সিদ্ধান্ত। গত আট বছরে এই অধিভুক্তির মূল উদ্দেশ্য অর্জিত হয়নি; বরং শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ঢাবির অধীনে থাকার কারণে স্বতন্ত্র পরিচয়ের অভাব, মানসম্মত শিক্ষকের সংকট, গবেষণার সুযোগের অভাব, শ্রেণিকক্ষ সংকট, ফলাফল প্রকাশে বিলম্বসহ নানা সমস্যায় ভুগছেন তারা। এসব সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা বারবার রাজপথে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থীরা ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে তাদের নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তারা এ দাবির সমর্থনে চারটি প্রস্তাবনা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সাত কলেজের সংকট নিরসনে একটি সংস্কার কমিশন গঠন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন।
শিক্ষার্থীদের পক্ষে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সাবরিনা জানান, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তাদের বক্তব্য ধৈর্যসহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, শিগগিরই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।