
মোঃ ইব্রাহীম, ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কক্সবাজারের রামুতে সংঘটিত নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল হোতা মোতাহের হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৩ অক্টোবর ২০২৪ তারিখে র্যাব-১০ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, নুরুল আলমের সঙ্গে মোতাহেরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়া, ফুলনীরচর স্কীম মৌসুমে অনুষ্ঠিত নির্বাচনে নুরুল আলমের কাছে পরাজিত হওয়ায় মোতাহেরের ক্ষোভ আরও বেড়ে যায়। এই বিরোধ থেকেই গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে মোতাহের ও তার সহযোগীরা নুরুল আলমের ওপর সশস্ত্র হামলা চালায়।
কক্সবাজারের রামু বাইপাস এলাকায় ফরিদুল আলমের বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে তারা নুরুল আলমকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই সাইফুর রহমান মোতাহেরসহ ১৪ জনের বিরুদ্ধে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে র্যাব-১০ এর একটি দল মোতাহেরকে গ্রেফতার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করেন।