
আপনার ব্যক্তিগত লাইব্রেরির সংগ্রহ হোক বা দুষ্প্রাপ্য মূল্যবান কোনো বই, সংরক্ষণের সঠিক নিয়ম জানা জরুরি। একটু সচেতনতা আর যত্নের মাধ্যমে বইগুলিকে ধুলা, আর্দ্রতা, পোকার ক্ষতি বা পুরানো হওয়ার হাত থেকে রক্ষা করা যায়।
বই সংরক্ষণ (Preservation) বলতে বোঝায় এমন ব্যবস্থা বা কৌশল, যা বই বা নথিপত্রের দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করে, যেন ক্ষয়প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ভবিষ্যতে নষ্ট হওয়ার ঝুঁকি কমে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বেশি জোর দেয়।
এই লেখায় থাকছে বই সংরক্ষণের কিছু কার্যকরী উপায়, যা আপনার প্রিয় বইগুলিকে দীর্ঘদিন ভাল রাখতে সাহায্য করবে।
সব বই বের করুন, যেগুলি দরকার নেই বাদ দিন
বই গুছানোর প্রথম ধাপ হল সব বই বের করে দেখা, যাতে বুঝতে পারেন কোনগুলি সত্যিই আপনার দরকার। বুকশেলফ থেকে বই নামিয়ে ফেলুন, সঙ্গে থাকা ছোটখাটো জিনিসও সরিয়ে নিন। এরপর একবার চিন্তা করুন—সব বই কি রাখা দরকার, নাকি কিছু বই অন্য কারও কাজে লাগতে পারে? বন্ধু, পরিবার, স্থানীয় পাঠাগার বা বইপ্রেমী কাউকে দিলে বইগুলি নতুন জীবনে কাজে লাগবে।
বই রাখার নতুন নতুন উপায় খুঁজুন
বই রাখার জন্য সাধারণত বুকশেলফ ব্যবহার করা হয়, কিন্তু একটু ভিন্নভাবে ভাবলেই আরও দারুণ সব আইডিয়া পাওয়া যায়। খালি দেয়ালে ভাসমান বুকশেলফ লাগিয়ে নিতে পারেন বা পুরো দেয়ালজুড়ে বই সাজিয়ে ফেলতে পারেন। সিঁড়ির নিচের খালি জায়গা, জানালার পাশের কর্নার, পুরানো ট্রাঙ্ক বা কাঠের বাক্স—এই সবকিছুই দারুণ বই রাখার জায়গা হয়ে উঠতে পারে। এমনকি বিছানার নিচের ফাঁকা জায়গায় ট্রে বা বাক্সে করে বই সংরক্ষণ করাও সম্ভব।
কিছু মানুষ খোলা জায়গায় বই রাখতে পছন্দ করেন, তবে ধুলা ও আর্দ্রতা যেন ক্ষতি না করতে পারে, সেজন্য নিয়মিত পরিষ্কার করা জরুরি।
বই সংরক্ষণের জন্য ভাল মানের বাক্স ব্যবহার করুন
ভাল মানের বাক্স শুধু বই গুছিয়ে রাখার জন্যই নয়, বরং ধুলা, পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষার জন্যও কার্যকর। প্লাস্টিকের এয়ারটাইট বাক্স সবচেয়ে ভাল, কারণ এটি মজবুত, টেকসই এবং ভিতরের বইকে বাইরের আর্দ্রতা ও ধুলার হাত থেকে বাঁচায়। কাঠের বা ধাতব ট্রাঙ্ক ব্যবহার করলে ভেতরে শুকনা নরম কাপড় বা সিলিকা জেল রাখতে পারেন আর্দ্রতা শোষণের জন্য।
স্বচ্ছ প্লাস্টিকের বাক্স নিলে বই সহজে দেখা যায়, ফলে খুঁজতে সময় কম লাগে। যদি দীর্ঘমেয়াদে বই সংরক্ষণ করতে চান, তবে বইগুলি এসিড-মুক্ত কাগজে মুড়িয়ে রাখা উচিত, যাতে পাতাগুলি হলদেটে না হয়ে যায়।
এছাড়া, বাক্স রাখার স্থানও গুরুত্বপূর্ণ। সরাসরি মেঝেতে না রেখে একটু উঁচুতে রাখুন, যাতে আর্দ্রতা কম প্রভাব ফেলে।
বইয়ের জন্য কভার ব্যবহার করুন
বাজারে বিভিন্ন ধরনের বইয়ের কভার পাওয়া যায়—স্বচ্ছ প্লাস্টিক কভার, নরম পিভিসি কভার বা ফ্যাব্রিক কভার, যা দেখতে সুন্দর ও টেকসই। যারা নিয়মিত বই পড়েন, তাদের জন্য রিমুভেবল কভার ব্যবহার করা ভাল, যা সহজেই খুলে ধুয়ে বা বদলে ফেলা যায়। আর যদি বই দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে চান, তাহলে এসিড-মুক্ত আর্কাইভাল কভার বা ব্রাউন পেপার র্যাপার ব্যবহার করুন, যা কাগজের মান ভাল রাখে এবং পাতা হলদেটে হওয়া বা নষ্ট হওয়া রোধ করে।
হাত পরিষ্কার রাখুন
হাত পরিষ্কার রাখলে বই দীর্ঘদিন ভাল থাকে, বিশেষ করে পুরানো বা দুষ্প্রাপ্য বইয়ের ক্ষেত্রে এটি আরও জরুরি। হাতে ক্রিম, লোশন বা খাবারের তেল থাকলে বইয়ের পাতায় দাগ লেগে যায়, যা সময়ের সঙ্গে স্থায়ী হয়ে যেতে পারে। তাই বই ধরার আগে ভালভাবে হাত ধুয়ে শুকিয়ে নেওয়া উচিত, যাতে অতিরিক্ত তেল বা আর্দ্রতা কাগজের ক্ষতি না করে।
যদি সংরক্ষণ বা আর্কাইভের কাজ করেন বা খুব পুরানো, ভঙ্গুর বই নিয়ে কাজ করতে হয়, তাহলে তুলার গ্লাভস ব্যবহার করা যেতে পারে, কারণ এতে পৃষ্ঠাগুলিতে তেলের দাগ লাগার ঝুঁকি কমে। তবে সাধারণ বই পড়ার ক্ষেত্রে গ্লাভস পরার দরকার নেই, শুধু হাত পরিষ্কার ও শুকনা রাখলেই যথেষ্ট।
এসিড-মুক্ত উপকরণ ব্যবহার করুন
সময় যত এগোয়, বইয়ের পাতায় হলদেটে দাগ পড়ে, কাগজ ভঙ্গুর হয়ে যায়, আর ধীরে ধীরে বই নষ্ট হতে শুরু করে। এর পেছনের মূল কারণ হল এসিডিক উপাদান, যা সাধারণ কাগজ ও বাক্সে থাকে।
এসিড-মুক্ত (pH নিরপেক্ষ) উপকরণ ব্যবহার করলে এই ক্ষয় রোধ করা যায়। বিশেষ করে দুষ্প্রাপ্য, পুরানো বা মূল্যবান বই সংরক্ষণের জন্য আর্কাইভাল স্টোরেজ বক্স (Archival Storage Box) ও এসিড-মুক্ত মোড়ক ব্যবহার করা সবচেয়ে ভাল উপায়। এসব বাক্স সাধারণ জাদুঘর, গ্রন্থাগার এবং বিশেষ সংগ্রহে ব্যবহৃত হয়, যেখানে বইগুলিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হয়। সাধারণ বাক্সের মত এগুলি নয়—pH নিরপেক্ষ ও লিগনিন-মুক্ত উপাদানে তৈরি, যা বইয়ের কাগজের গুণগত মান ঠিক রাখে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে।
বইয়ের জন্য pH কেন গুরুত্বপূর্ণ?
সাধারণ কাগজ ও কার্ডবোর্ড pH 7-এর নিচে, অর্থাৎ অম্লীয় হয়। এতে এসিডিক উপাদান থাকে, যা সময় গড়ালে কাগজের রাসায়নিক গঠন নষ্ট করে দেয়। ফলে বইয়ের পাতা হলদেটে হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে।
pH 7 বা তার ওপরে থাকা “Acid-Free” বাক্স, কাগজ ও ফোল্ডার ব্যবহার করলে বইয়ের জীবনকাল অনেক বেশি বেড়ে যায়।
বই সংরক্ষণের জন্য “Acid-Free” বা “Archival-Quality” কভার বা বাক্স যদি আপনি অনলাইনে বা দোকানে খুঁজতে চান, তাহলে “Archival Storage Box”, “Acid-Free Box” বা “Preservation Box” নামে খোঁজ করুন।
এসিড মুক্ত তাক এবং এর গভীরতা ও উচ্চতা
বই রাখার তাক এসিড ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত হওয়া জরুরি। ধাতব বা পালিশ করা কাঠের তাক বেশি নিরাপদ, কারণ এতে বইয়ের ক্ষতি কম হয়।
সংরক্ষণের জন্য তাকের গভীরতা ও উচ্চতা ঠিকঠাক হওয়া জরুরি। গভীরতা এমন হওয়া উচিত, যাতে বই সম্পূর্ণ আঁটতে পারে ও সামনে ঝুঁকে না পড়ে। উচ্চতাও যথাযথ রাখতে হবে, যাতে বড় বই সহজে রাখা যায়। বই সবসময় সোজা করে রাখা দরকার, কারণ একদিকে হেলে থাকলে বাঁধাই আলগা হয়ে যেতে পারে।
বই ঠাসাঠাসি করে রাখা উচিত নয়, আবার অতিরিক্ত ফাঁকা রাখলেও বই একদিকে হেলে যেতে পারে, যা বাঁধাইয়ের ক্ষতি করে। এ ক্ষেত্রে বুকএন্ড (bookend) ব্যবহার করা যেতে পারে, যা বই সোজা রাখতে সাহায্য করে।
ভারি ও বড় বই নিচের তাকে রাখা ভাল, এতে ভারসাম্য বজায় থাকে এবং তাকের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।
বই তুলতে গিয়েও সাবধান থাকা দরকার। তাক থেকে বই বের করার সময় একদম ওপর থেকে টেনে তোলা ঠিক নয়, এতে বইয়ের স্পাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং দুই পাশ থেকে ধরে আলতো ভাবে টানতে হবে। বড় বা ভারি বই হলে দু’হাত ব্যবহার করাই ভাল, যাতে বাঁধাইয়ে অপ্রয়োজনীয় চাপ না পড়ে।
বই সংরক্ষণ
সূর্যের অতিবেগুনি রশ্মি বইয়ের রঙ ফিকে করে ও কাগজের অম্লতা বাড়িয়ে দ্রুত ক্ষতি করে। সরাসরি সূর্যালোক এড়ানো জরুরি। উইন্ডো ফিল্ম ও পর্দা ব্যবহারে UV রশ্মির ক্ষতি কমানো যায়। ফ্লুরোসেন্ট আলোও ক্ষতিকর, তাই আলো ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে।
অনেকে মনে করেন, বই রোদে দিলে সেটি ছত্রাক ও আর্দ্রতার সমস্যা থেকে মুক্ত থাকে, বিশেষ করে বর্ষাকালে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায়। রোদে দিলে বইয়ের ভেতরের আর্দ্রতা কমে যায়, দুর্গন্ধ কমতে পারে এবং ছত্রাক ও পোকামাকড় দূর হতে পারে।
তবে দীর্ঘসময় রোদে রাখা আসলে ক্ষতিকর। অতিবেগুনি (UV) রশ্মি বইয়ের কাগজের রাসায়নিক গঠন পরিবর্তন করে, ফলে পৃষ্ঠাগুলি হলদেটে হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে, আর মলাটের রঙ ফিকে হয়ে যেতে পারে। তাই রোদে দেওয়ার দরকার হলে সেটি সরাসরি রোদ নয়, ছায়াযুক্ত বাতাস চলাচলের জায়গায় রাখা ভাল—যাতে আর্দ্রতা কমে কিন্তু অতিবেগুনি রশ্মির ক্ষতি না হয়।
নিয়মিত পরিষ্কার করুন
বই আর বুকশেলফ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। পরিষ্কারের জন্য খুব নরম ব্রাশ বা পরিষ্কার কাপড় ব্যবহার করাই ভাল, বিশেষ করে বইয়ের ওপরের অংশে, যেখানে ধুলা সবচেয়ে বেশি জমে।
বই পরিষ্কার করার জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে পারেন, যা সহজেই ধুলা ঝাড়তে সাহায্য করে। এছাড়া, ভ্যাকুয়াম ক্লিনারের বিশেষ ব্রাশযুক্ত নোজেল (যেটা সাধারণত সোফা বা গদি পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়) লাগিয়ে বইয়ের মেরুদণ্ড (spine) ও পাশে জমে থাকা ধুলা সরিয়ে ফেলতে পারেন।
বই অনেক দিন না সরালে তাতে পোকা বা ফাঙ্গাস হতে পারে। ছোট ছোট সাদা পোকা থাকলে বুঝতে হবে মাইট ধরেছে, আর পাতায় ছিদ্র দেখা গেলে সেটা আরও নিশ্চিত হওয়া যায়। অন্যদিকে, ফাঙ্গাস ধরলে বই থেকে এক ধরনের ভ্যাপসা গন্ধ আসবে।
এগুলি দূর করার জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করত পারেন:
মাইট: বইগুলি সিল করা প্লাস্টিক ব্যাগে ভরে অন্তত দুই দিন ফ্রিজারে রাখুন। পরে পোকাগুলির যেসব অংশ থাকবে, তা সরিয়ে ফেলুন।
ফাঙ্গাস: বইগুলি ২৪ ঘণ্টা বাতাসে খোলা রাখুন। যদি গন্ধ না যায়, তাহলে বইগুলি এক বাক্স চালের মধ্যে রেখে দিন, এতে গন্ধ শুষে যাবে।
বই ভিজে গেলে আগে অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন, তারপর শুষে নেওয়ার মত তোয়ালের ওপর দাঁড় করিয়ে রাখুন। পাতার মাঝে শুষে নেওয়ার মত কাগজ দিন, আর সেটা ভিজে গেলে বদলে ফেলুন। বই এমন জায়গায় শুকান যেখানে বাতাস চলাচল ভাল, অথবা ফ্যান ব্যবহার করুন। একবার শুকিয়ে গেলে, পাতাগুলি যেন ঢেউখেলানো না হয়, সেজন্য বইগুলির ওপর ভারি কিছু চাপ দিয়ে রাখুন।
উচ্চ আর্দ্র অঞ্চলে বই সংরক্ষণ করা কঠিন হতে পারে, কারণ বেশি আর্দ্রতা ছত্রাক জন্মাতে সাহায্য করে, কাগজ নরম বা ভঙ্গুর হয়ে যেতে পারে এবং বইয়ের বাঁধাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সমস্যা সমাধানে ডিহিউমিডিফায়ার ও সিলিকা জেল কার্যকরী সমাধান হতে পারে।
• ডিহিউমিডিফায়ার ব্যবহার
বইয়ের স্থায়িত্ব রক্ষায় আদর্শ তাপমাত্রা ১৮-২১°C (৬২-৭২°F) এবং আদর্শ আপেক্ষিক আর্দ্রতা (RH) ৪০-৫০% হওয়া উচিত। ৩০% এর নিচে পৌঁছালে কাগজ ভঙ্গুর হয়ে যেতে পারে, আর ৬০% এর বেশি হলে ছত্রাক জন্মাতে পারে। বেশিরভাগ ডিহিউমিডিফায়ারে RH সেটিং থাকে, যা নির্দিষ্ট মাত্রায় রাখার সুবিধা দেয়। ডিহিউমিডিফায়ার বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে বই সংরক্ষণে সহায়তা করে।
ছোট লাইব্রেরি বা বুকশেলফের জন্য পোর্টেবল ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে, আর বড় লাইব্রেরির জন্য উচ্চক্ষমতার ডিহিউমিডিফায়ার দরকার হতে পারে। অটো-সেন্সিং ফিচার থাকলে এটি নির্দিষ্ট আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
ডিহিউমিডিফায়ার ঘরের মাঝামাঝি রাখুন, যাতে বাতাস সমান ভাবে প্রবাহিত হয়। তাকের নিচে বা খুব কাছে রাখলে কিছু জায়গা অতিরিক্ত শুকিয়ে যেতে পারে, আবার কিছু জায়গায় বেশি আর্দ্র থাকতে পারে।
এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে পানি সংগ্রহ করে, তাই নিয়মিত পানি খালি করা দরকার। কিছু মডেলে ড্রেনেজ সিস্টেম থাকে।
• সিলিকা জেল ব্যবহার
সিলিকা জেল একধরনের আর্দ্রতা শোষক, যা বই সংরক্ষণে বেশ কার্যকরী। এটি ছোট জায়গায় আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে বাতাসকে শুষ্ক রাখে, ফলে বই ছত্রাকমুক্ত ও ভাল থাকে। এটি প্লাস্টিক বা কাগজের ছোট প্যাকেটে পাওয়া যায় এবং সহজেই শেলফ বা বাক্সে রাখা যায়।
সিলিকা জেল রাখবেন বুকশেলফের বিভিন্ন স্তরে—একটি উপরে, একটি মাঝখানে ও একটি নিচে।
বই সংরক্ষণের বাক্সেও রাখতে পারেন —যদি বই বাক্সে সংরক্ষণ করেন, তাহলে কয়েকটি সিলিকা জেল প্যাকেট যোগ করুন।
যদি বই আলমারিতে থাকে, তাহলে ভেতরে রাখুন।
একটি বই শুধু কাগজ আর কালির সমাহার নয়, এটি সময়ের সাক্ষী, জ্ঞানের ভাণ্ডার এবং স্মৃতির সংরক্ষক। যত্নের ছোট ছোট অভ্যাস আপনার প্রিয় সংগ্রহকে বছরের পর বছর অক্ষত রাখতে পারে। সঠিক সংরক্ষণ কৌশল অনুসরণ করলে আপনার বইগুলি একদিন ভবিষ্যৎ প্রজন্মের হাতেও পৌঁছাতে পারে, ঠিক যেমন পুরানো পান্ডুলিপি আমাদের হাতে এসেছে।
মুহাম্মদ খালিদ ছাইফুল্যাহ (সাইফ)
বিএ(অনার্স), ইংরেজি, এমএ(ইংরেজি)
ইংলিশ টিচার।
পরশুরাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়
পরশুরাম, ফেনী।