
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে সবুজছায়া আবাসিক প্রকল্প এলাকার একটি কাশ বনের ভেতর থেকে বাচ্চু মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত বাচ্চু মিয়া উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বাচ্চু মিয়ার মেয়ে পাখি আক্তার বলেন, “বাবা প্রতিদিনই কাজ শেষে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাতে আর ফেরেননি। আজ বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করি।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার দিকে কফিল নামের এক ব্যক্তি কাশ বনের ভেতর একটি লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, “মৃত ব্যক্তির হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মুখ রক্তাক্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নিয়ে যাওয়ার পর তাঁকে হত্যা করেছে।লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ ও হত্যার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।