
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার দোকানে বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের সার দোকানে কেন বিক্রি হবে? এ নিয়ে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলার গোপালপুর বাজারের ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামের একটি দোকানে (২০ আগস্ট) বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা সদরের গোপালপুর বাজারের ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামক দোকানে দীর্ঘদিন ধরে গোপনে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার বিক্রি করে আসছিল। গোপনে তথ্যের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার বিক্রির অপরাধে মুমিন মিয়া নামক এক ব্যক্তিকে ‘সার ব্যবস্থাপনা আইন-২০০৬’ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সুরক্ষায় বারহাট্টা থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, সরকারি প্রণোদনা কর্মসূচির (WFP) আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণের কথা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, বরাদ্দকৃত সার প্রকৃত কৃষকদের মধ্যে পরিমাণ অনুযায়ী ওজন করে বিতরণ করার নিয়ম রয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বারহাট্টা উপজেলায় ২ হাজার কৃষকের নামে সার ও বীজের প্রণোদনা বরাদ্দ থাকলেও তালিকায় প্রকৃত কৃষকদের অনেকের নাম নেই। এতে সরকারি প্রণোদনার সুফল প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কৃষকদের দাবি, প্রণোদনার তালিকা পুনঃযাচাই করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা এবং সরকারি সার অনিয়মের মাধ্যমে দোকানে বিক্রি হওয়ার বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়দের অভিযোগ, কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্তদের তদারকি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত সার দোকানে বিক্রির ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে।
বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।