
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বামপন্থী দুই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সংগঠন সোহাগী সামিয়া বলেন,
ইজরায়েল নৃশংসভাবে প্রতিনিয়ত ফিলিস্তিনের ছোট শিশু, নারী ও বৃদ্ধাদের উপর হামলা চালাচ্ছে । অনেক ইসলামি রাষ্ট্র আজ চুপ, ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়াচ্ছে না। আমরা বুঝতে পারছি এখানে ভাগ বসাতে চায় আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র। তারা আজ ছোট ছোট কলোনি গঠন করে দখল নিয়ে শোষণ করতে চায়, সেটির একটি অংশ গাজা। শুধু প্রতিবাদ নয় ইজরায়েলের পণ্য বয়কট করতে হবে। আজ দলবল নির্বিশেষে সবাই গাজার পক্ষে দাঁড়াতে হবে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, সারা বিশ্বে মানবতার বুলি আওড়াতেই ব্যস্ত সাম্রাজ্যবাদীরা। জাতিসংঘসহ সকল সংস্থা যেখানে মুখথুবড়ে পড়ে যায় সেটার নাম হলো গাজা। গত দুদিন আগে ইজরায়েল বর্বরভাবে গাজার শিশু-নারী ও পুরুষের উপর হামলা করেছে। পিতা-মাতা তাঁদের ছিন্ন-বিচ্ছিন্ন বাচ্চাদের নিয়ে হাসপাতালে গেছে, তাও বাচাতে পারে নি তাঁদের বাচ্চাদের । সবাইকে নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে এবং একইসাথে ইজরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদ করতে হবে।