
(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার ব্যুরো বগুড়া জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনোনীত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। মানবাধিকার ব্যুরো’র বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির গওহর আলী ভবনে অ্যাডভোকেট আব্দুল বাছেদের চেম্বারে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদকে মানবাধিকারের একজন পরীক্ষিত কর্মী উল্লেখ করে বলেন, আব্দুল বাছেদের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো বিগত কয়েক দশক ধরে বগুড়ায় অসহায়, শোষিত, নিপীড়িত ও বঞ্চিত নারী-পুরুষকে তাদের প্রয়োজন অনুযায়ী আইনী সহায়তা দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। মানবাধিকার বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আব্দুল বাছেদ ইতিপূর্বে বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হিসেবে যেভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ঠিক একইভাবে এবার জেলা ও দায়রা জজ আদালতেও সরকারি আইন কর্মকর্তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। শুভেচ্ছার জবাবে নবনিযুক্ত পিপি আব্দুল বাছেদ, তাঁর দায়িত্ব পালনকালে মানবাধিকার ব্যুরোর প্রতিটি সদস্যসহ বগুড়ার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি জানান বাংলাদেশের জনগণ গত ১৭ বছরেরও বেশি সময় ধরে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এমনকি তারা নিজেদের অধিকারের কথাগুলোও ঠিক মত বলতে পারতেন না। ন্যায় বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশবাসী এখন তাদের বাকস্বাধীনতাসহ গণতান্ত্রিক সকল অধিকার ফিরে পাওয়ার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। আমি আমার অবস্থান থেকে ন্যায় বিচার প্রাপ্তির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। গতকাল (২৪ অক্টোবর বৃহস্পতিবার) দুুপুর আড়াইটায় শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক আসাদুল হক কাজল এবং সদস্যবৃন্দ যথাক্রমে রাহাত উদ্দিন পশারী স্বপন, আব্দুর রহমান বাদল, মেহেদী হাসান সরকার, ছাদ আহম্মেদ, হেলালুর রহমান হেলাল ও নাঈম ইসলাম নাঈম।