
মোঃ নুরনবী হোসাইন উপজেলা প্রতিনিধি শ্রীবরদী
যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। ১৬ অক্টোবর বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে চন্দন কুমার পালকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক মজুমদার জানান, বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে চন্দন কুমার পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
এদিকে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভারতে প্রবেশকালে এ্যাডভোকেট চন্দন কুমার পালকে আটকের বিষয়টি তাকে অফিসিয়ালি জানানো হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।