
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধু দা’র ক্যান্টিন বা মধুর ক্যান্টিনে খাবারের দাম অতিরিক্ত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হয়ে আসছিল। খাবারের মানের তুলনায় দাম ছিল অনেক বেশি। কিন্তু এবার খাবারের দামে আসছে পরিবর্তন! সাধারণ শিক্ষার্থীরা খাবারের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছেন। পণ্যের নাম উল্লেখ করে নতুন পরিবর্তিত মূল্য সম্বলিত পোস্টার সেঁটে দেওয়া হয়েছে মধুর ক্যান্টিনে।
ঐ পোস্টারে দেখা যায়, মধুর ক্যান্টিনে রং চা এর মূল্য ধরা হয়েছে ৬ টাকা, দুধ চা এর মূল্য বেঁধে দেওয়া হয়েছে ৭ টাকা। সিঙারার মূল্য ৫ টাকা, সন্দেশ ১৫ টাকা, কেক ১০ টাকা, দই ২০ টাকা, পাটিসাপটা পিঠা ২০ টাকা, পুডিং ৩০ টাকা এবং মাখন রুটির দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পোস্টারের নীচে লেখা হয়েছে “সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হলো”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ-২ গ্রুপে ঢাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম তার পোস্টে লিখেছেন, “উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে সবগুলো পণ্যর যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় দেখাশোনা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই পরবর্তীতে মধুর ক্যান্টিনে খেতে গেলে অবশ্যই দামের বিষয়টা খেয়াল রাখবো। প্রক্টর স্যারকে কল করা হয়েছিল কিন্তু স্যার ফোন রিসিভ করেননি। আমরা আগামীকাল স্যারকে কল করে রিকোয়েস্ট করবো যাতে আমাদের নির্ধারিত মূল্য পর্যালোচনা করেন এবং অফিসিয়ালি সীল মেরে অথরাইজ করে দেন।”