
হামিদুল হাসান নিজস্ব প্রতিবেদক:
শেরপুর শহরে আধিপত্যের জেরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গৌরীপুর ও খোয়ারপাড়। দুই এলাকার মানুষের মধ্যে এই সংঘর্ষে ট্রলি চালক মিজানুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (৯সেপ্টেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। পুলিশ ও এলাকাবাসী জানান, গৌরীপুর মহল্লার ও খোয়ারপার এলাকার দুই দল কিশোরের কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খোয়ারপার এলাকার শাপলা চত্বরে কমপক্ষের ৫টি দোকান ভাংচুর ও লুটপাট হয়েছে। রাত ১১ টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত দুই এলাকায় সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।