
জাবি প্রতিনিধি
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মোছা. আজমুদা আক্তার (রুমি) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ জুন) সকাল ১১ টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার রংপুর-তিস্তা ব্যারাজ সড়কের গঞ্জিপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় এক শিক্ষকসহ আরো দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
রুমির প্রতিবেশী ও জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. সুরুজ আলী জানান, ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত বুধবার দুপুরে বাসে করে রংপুরে উদ্দেশ্য রওনা হন রুমি। ক্যাম্পাস থেকে সরাসরি নীলফামারীর বাস না পাওয়ায় রংপুরে নানীর বাসায় যান তিনি। পরে সেখান থেকে আজ সকালে সিএনজি করে নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে যাওয়ার পথে দূর্ঘটনায় পড়েন।
রুমি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।