
প্রতিনিধি, রাবি:
বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে এখন সেই শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের সুযোগ এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। এছাড়া শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আমরা সব পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ ভাগ করে শিক্ষাখাতে সময়োপযোগী ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে আমূল পরিবর্তন আনার চেষ্টা করব।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “প্রফেসর ড. আমিনুল ইসলাম আমার দেখা সবচেয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের একজন। তার দায়িত্ব এখন দেশের শিক্ষা সংস্কার করা। বিগত ১৬ বছরে আমরা সঠিক চিন্তাধারা গড়ে তুলতে পারিনি। তারা পরিবারতান্ত্রিক শাসনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তবে আমরা আশাবাদী, এই সরকারের দূরদর্শী সিদ্ধান্ত শিক্ষাখাতকে এগিয়ে নেবে।”
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন খান বলেন, “স্যারকে এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি নীতি নির্ধারণী পর্যায়ে থেকে শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক দিকেও গুরুত্ব দেবেন বলে আমরা আশা করছি। তিনি শিক্ষাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”
অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় উপাচার্য প্রফেসর এম. আমিনুল ইসলামকে স্মারক উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।