
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও দেশের ১৫টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। ফলে সারা দেশেই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একইসাথে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বাড়ার প্রবণতা রয়েছে।
বুধবার (২২ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা ওই বার্তায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।