
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর (জাবি) ৪১তম সিনেট অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিতব্য এ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে।
রেজিস্ট্রার অফিসসূত্রে জানা যায়, উপাচার্যের সভাপতিত্বে বিকাল চারটায় বিশ^বিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হবে এ সভা। ৪১তম সিনেট অধিবেশনের আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে উপাচার্যের ভাষণ ও আলোচনা, সিনেটের ৪০তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪ জুন ২০২৩ এ অনুষ্ঠিত সিনেটের ৪০ তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৩-২৪ সনের (সংশোধিত) এবং ২০২৪-২৫ সনের (মূল) রেকারিং বাজেট অনুমোদন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২৩ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের ১৩৮ তম সভায় সংশোধিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর প্রস্তাবিত সংবিধি অনুমোদনের জন্য ২৩ মে ২০২৪ তারিখের সিন্ডিকেট সভার সুপারিশ বিবেচনা ও বিবিধ।
জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর বিশ^বিদ্যালয়ে সর্বশেষ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয়। তিন বছর মেয়াদি এই সিনেট সদস্যদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। গত বছরের ১৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। পদাধিকার বলে সিনেটের অন্য পাঁচজন সদস্য হলেন উপাচার্য, দুজন উপ-উপাচার্য, ট্রেজারার এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তবে বিশ^বিদ্যালয় অধ্যাদেশ ৭৩ এর ১৯(১) এর (কে) ধারা অনুযায়ী, কোন ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এ সভা।