
বিনোদন ডেস্ক
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি’র অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন সমাজসেবী হিসেবেও বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবহেলিত শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠিদের কল্যাণে কাজ করে চলেছেন। চলচ্চিত্র ও ব্যক্তিগত কর্মজীবনের জন্য অনেক সম্মাননা ও স্বীকৃতিও পেয়েছেন তিনি। জোলি’র সাফল্যের ঝুড়িতে আরও একটি অর্জন যোগ হতে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে জোলিকে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানাতে মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড চালু করা হয়। যারা চলচ্চিত্র নির্মাণ করে এই শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখেন এবং ইতিবাচকভাবে চলচ্চিত্র শিল্পকে পরিবর্তন করতে প্রভাবিত করেন তাদেরকেই বেছে নেয়া হয় এই সম্মাননা প্রদানের জন্য। বিশ্বখ্যাত চলচ্চিত্র সমালোচক লিওনার্ড মাল্টিনকে সম্মান জানাতে ২০১৫ সালে পুরস্কারটির নামকরণ করা হয় মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড।
এবারে সম্মাননাটি অ্যাঞ্জেলিনা জোলি’র হাতে উঠবে জানিয়ে মাল্টিন বলেন, অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে গুণি একজন অভিনেত্রী এবং সাহসী পরিচালক হিসেবে সমাদৃত। দু’টি পরিচয়েই তিনি চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন। আমি সান্তা বারবারার মঞ্চে তাকে দেখার অপেক্ষায় উন্মুখ হয়ে আছি।
জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলি’র আগে এই সম্মাননা পেয়েছেন জেমি লি কার্টিস, নিকোল কিডম্যান, জাভিয়ের বারডেম, রবার্ট ডাউনি জুনিয়র, ডেনজেল ওয়াশিংটন, কেট ব্ল্যানচেট, জর্জ ক্লুনি, ক্রিস্টোফার প্লামার, ক্রিস্টোফার নোলান, জেমস ক্যামেরন, ক্লিন্ট ইস্টউড এবং পিটার জ্যাকসনের মতো বিখ্যাত তারকারা।