
নিজস্ব প্রতিবেদক
চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গুলশানের ৯টি মামলার ওয়ারেন্টমূলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে বনানী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।