
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার গ্রামের বাড়িতে যান।
গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী টঙ্গিতে গিয়ে নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি নিলয়ের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসা সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপাচার্য বলেন, “নিলয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তার অসুস্থতার কারণে যাতে শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে।”