
মোঃ আরিফুল ইসলাম
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর ইন্দুরকানীতে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ দেলোয়ার খা (৬০) কে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
শনিবার মানিকগঞ্জ হাতি কাটা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই আব্দুল জলিল ও এ এস আই মোঃ মুনসুর আলম একটি দল নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসামি মোঃ দেলোয়ার খাঁ ইন্দুরকানী উপজেলার বাড়ৈইখালি গ্রামের মৃত সোনা খাঁ এর ছেলে।
পুলিশ জানায়, মোঃ দেলোয়ার খাঁ পেশাদার ডাকাত দলের সদস্য ছিলেন। ইন্দুরকানী থানায় মামলা নং জি আর ৯৭/১৯৯৯ ধারা ৩৯৫ পেনাল কোডে ২০০১ সালে পিরোজপুর দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাকে সাড়ে সাত বছরের সাজা দেয়। তবে ওই মামলার রায় প্রদানের বহু আগে থেকেই সে পলাতক ছিলো। পরে আসামী নিজের নাম মোঃ দেলোয়ার খাঁ থেকে মনির মোল্লা ও পিতার নাম জয়নাল মোল্লা নামে পরিবর্তন করে মানিকগঞ্জ হাতি কাটা চরে বসবাস শুরু করে। চরে আসামি ২৫ বছর আত্মগোপনে থাকার পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার এর দিক নির্দেশনায় আসামি মোঃ দেলোয়ার খাঁ কে গ্রেফতার করে পুলিশ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান আসামী দেলোয়ার খাঁ ডাকাতি মামলায় সাজা হওয়ার পর থেকে নিজের নাম গোপন করে আত্নগোপনে থাকার পর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। পরে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।