
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় মো. নাসির উদ্দিন ফকির (৪৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা।
ঘটনার ২ দিন পর (৫ সেপ্টেম্বর) স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।