
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পর্দানশীন নারী শিক্ষার্থীদের জন্য ‘পর্দা কর্নার’ চালু হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ক্যাফেটেরিয়ার দক্ষিণ-পশ্চিম দিকে এই কর্নার চালু করেন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন।
পরে বিকেল সাড়ে তিনটার দিকে এটি পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ। পরিদর্শনকালে তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর সদস্যরা এবং নারী শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ এই পর্দা কর্নার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবির প্রেক্ষিতে এটি চালু করে। এর ফলে নির্বিঘ্নে ধর্মপ্রাণ মুসলিম নারী শিক্ষার্থীরা খাবার গ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাড়ে তিন যুগ পর এমন উদ্যোগের প্রশংসা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আরমিন আক্তার বলেন, ‘আমাদের জন্য আলাদা ‘কর্নার’ চালুর উদ্যোদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। এখন থেকে আমরা ক্যাফেটেরিয়ায় নির্বিঘ্নে ও আরামদায়কভাবে বসে খাবার গ্রহণ করতে পারব। একইসঙ্গে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধও রক্ষা পাবে। অনেক সময় ছেলেদের ভিড়ে ক্যাফেটেরিয়ায় ঢোকা কিংবা বেড় হওয়াটা আমাদের জন্য কষ্টকর ও অস্বস্তির কারণ ছিল। আশাকরি এখন সেই সমস্যার সমাধান হবে।
টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই কর্নার চালু করেছি। এখন আশাকরি নারী শিক্ষার্থীরা নিশ্চিন্তে ও স্বস্তিদায়ক পরিবেশে খাবার গ্রহণ করতে পারবে। আমরা আগামীতে ক্যাফেটেরিয়ার খাবার ও সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছি।’