
মানিক হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উন্মুক্ত মতবিনিময় করেছে। সময় স্বল্পতার কারণে উপাচার্যের কাছে নিজেদের মত প্রকাশ করতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। ফলে তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নবনিযুক্ত উপাচার্য সাথে শিক্ষার্থীদের উন্মুক্ত মতবিনিময় সভায় মত প্রকাশ করতে না পারায় এ অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা দেখা গেছে। এসময় শিক্ষকদের সময়ের মূল্য থাকলেও শিক্ষার্থীদের সময়ের মূল্য দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছে তাঁরা। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তারা এবং সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জানা যায়, মতবিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংস্কার ভাবনা পেশ করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক দাবি উপস্থাপন করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে উপাচার্যের কাছে সংস্কারের দাবি পেশের সময় দেয়া হয়। এসময় বিভিন্ন বিভাগের ১০/১২ জন শিক্ষার্থী সংস্কার ভাবনা তুলে ধরলেও সময় স্বল্পতার কথা বলে অন্যদের মতামত না নেওয়ার ঘোষণা করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়৷ পরে উপাচার্য দুঃখ প্রকাশ করে জানান ইউজিসি’র একটি জরুরি টিম বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণে এসেছে। পরে শিক্ষার্থীরা শান্ত হয়।
সভায় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আজকে শিক্ষার্থীদের সাথে উপাচার্যের উন্মুক্ত মতবিনিময় সভা হবে। কিন্তু উন্মুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের বেলায় সময় বেঁধে দেয়া হয়। যা খুবই দুঃখজনক ব্যাপার। এসময় তিনি আরও বলেন, শিক্ষকদের সময়ের মূল্য থাকলেও শিক্ষার্থীদের বেলায় সময়ের মূল্যের কথা বিবেচনা করা হয় না।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের প্রত্যাশা ছিলো, উপাচার্য স্যার সময় নিয়ে শিক্ষার্থীদের কথা শুনবেন। কিন্তু যেভাবে সভাটি তড়িঘড়ি করে শেষ করা হলো। তাতে আমরা কষ্ট পেয়েছি। এসময় দ্রুত সময়ের মধ্যে আরেকটি মতবিনিময় সভার আয়োজন করার দাবি জানান তিনি।
এদিকে বিষয়টি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল এসেছে। এজন্য এই সভাটি একটু সংক্ষেপ করা হচ্ছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়াও আমি প্রতিটি অনুষদে গিয়ে সকলের আলাদা করে দাবি শুনবো। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।