
মোঃইয়াছিন আলী
সিরাজগঞ্জ সদর প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজের (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে ব্লগার রবিউল আজিম তনুর (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে গত শুক্রবার রাতে তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে আসেন। ভোরে ছাদখোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হন এবং শহরের ইলিয়ট ব্রিজের সৌন্দর্যের দৃশ্য গাড়ির উপর থেকে মোবাইল ফোনে ধারণ করতে থাকেন তনু। এ সময় ব্রিজের উপরে থাকা লোহার পাইপের সঙ্গে তার মাথার পেছনের অংশের ধাক্কা লাগে। পাইপের আঘাতে তনু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোনো অভিযোগ না থাকায় দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।