
কয়রা খুলনা প্রতিনিধিঃফরহাদ হোসাইন
খুলনার কয়রা উপজেলায় কয়রা প্রেসক্লাব–এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় অঙ্গনে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমতিয়াজ উদ্দিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।