
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যে স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ককটেল বিস্ফোরণটি মেট্রোর নিচে হয়নি। হয়েছে কাওরান বাজার গোলচত্বরের পশ্চিম পাশে। এটি কলাবাগান থানার মধ্যে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারা কীভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, প্রত্যক্ষদর্শীরাও এই বিষয়ে কিছু জানাতে পারেনি।
এর আগে এদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এ অবস্থায় কয়েক দিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।