
কালাইয়ে আলুর ন্যায্য মূল্য ও কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কালাই প্রতিনিধি
চলতি মৌসুমে আলুর ন্যায্যমূল্য আদায়ের দাবিতে ও অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালাই উপজেলার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র, কৃষক ও সকল শ্রেণির পেশার জনগণ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে কৃষকরা অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির কারণে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা বলেন কৃষকরা বরাবরই শোষণের স্বীকার হয়, তাদের দেখার যেন কেউ নেই। সেই সাথে তারা যেন আলুর নায্য মূল্য পান সেদিকে নজর দেয়ার জন্য আকুল আবেদন জানান।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালাই উপজেলা শাখার তানিম সরকার, মোস্তাক আহমেদ রাতুল, রাহুল খান, আব্দুল্লাহ আল নোমান, শামীম ইসলাম শামীম, ফাহিম, মাহীর, মেহেদি হাসান সহ প্রমুখ ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের পুণর্জন্ম হয়েছে সেখানে তারা আর কোনো বৈষম্য দেখতে চায় না। অনতিবিলম্বে কোল্ড স্টোরেজের ভাড়া কমানো এবং আলু নায্য মূল্য প্রাপ্তিতে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীমা আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।