
(নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
প্রচণ্ড তাপদাহের কারণে গাজীপুরের কালিয়াকৈর- মাওনা সড়কের বিভিন্ন স্থানে পিচ (বিটুমিন) গলে যাচ্ছে। এর ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। তাপদাহের কারণে সড়কের কয়েকটি স্থানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি সড়ক বিভাগের।
গত কয়েকদিন ধরে কালিয়াকৈর-মাওনা সড়কের মেদিআশুলাই, চেয়ারম্যানবাড়ি, পাইকপাড়াসহ বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিয়াকৈর হতে ফুলবাড়িয়া হয়ে মাওনা চৌরাস্তা পর্যন্ত ব্যাস্ততম আঞ্চলিক এই সড়কের অন্তত ৮-১০ স্থানে তীব্র তাপে সড়কের পিচ গলে যাওয়ার কারণে সড়ক হয়ে গেছে পিচ্ছিল। ফলে ওই স্থানগুলোতে যানবাহন চালকেরা অনেকটাই আতংকিত হয়ে সাবধানতার সাথে ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন। বিশেষ করে নাজেহাল অবস্থায় পড়েছে ছোট যানবাহন ও অটোরিকশা গুলো।
স্থানীয় লোকজন ও পরিবহন চালকেরা জানান,তীব্র গরম আর রোদে সড়কের বিটুমিন গলে যাওয়ার কারণে অনেক পথচারীদের জুতা আটকে যাচ্ছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এই অসহনীয় গরমে সড়কের যে অবস্থা তাতে সাবধানতা অবলম্বন না করলে যে কোন সময় বিপত্তি ঘটবে।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফ বলেন, এই সড়কটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। প্রচণ্ড তাপদাহের কারণে সড়কের কয়েকটি স্থানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।