
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মহড়া দেওয়ার সময় বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাতে উপজেলার নান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নান্দিনা এলাকার মৃত কাশেম মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ভুবনের (২৭) কাছে তুরস্কে তৈরি একটি পিস্তল ও এতে থাকা ৬ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। একইসঙ্গে তার সঙ্গে থাকা আরও ২১ জনের কাছ থেকে একটি রামদাসহ বেশ কয়েকটি স্টিলের পাইপ জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, আটককৃতদের সবাই কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার অনুসারী।
এ আসনে গত কয়েকদিন ধরে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং সৈয়দ এহসানুল হুদা–পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার দুপুরে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপির নেতাকর্মীরা ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন। পরে সন্ধ্যায় গণসংযোগ চলাকালে সৈয়দ এহসানুল হুদা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে উত্তেজনাকর বক্তব্য দিলে তার সমর্থকদের সঙ্গে ইকবাল–সমর্থকদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এতে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনার জেরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল হুদা–সমর্থকরা। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে বাজিতপুর থানায় হস্তান্তর করে।
রোববার দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিকেলের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।