
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা মালাইকা আরোরা বরাবর স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি প্রকাশ্যে কটূ আচরণ দেখেই প্রতিবাদ করলেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
জানা গেছে, এই মুহূর্তে মালাইকা একটি ডান্স রিয়্যালিটি শো’য়ের বিচারকের দায়িত্ব পালন করছেন। ওই শো’তে কিশোর বয়স্ক এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অভব্য ইঙ্গিত করে। এর পরেই ফুঁসে ওঠেন মালাইকা। অনুষ্ঠানের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে মালাইকাকে বলতে শোনা যাচ্ছে – আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!
উল্লেখ্য, এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকা’র বক্তব্যকে সমর্থন করেছেন ওই শো’য়ের অন্যান্য প্রতিযোগীরা। তাদের দাবি, মালাইকা ছেলেটিকে বকুনি দিয়ে ঠিকই করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিযোগীর কাছে তার মায়ের ফোন নম্বরও চেয়েছেন মালাইকা।
তবে এই ভিডিও নিয়ে নেটাগরিকেরা দুই শ্রেণিতে বিভক্ত হয়ে গেছেন। কারও মতে, শোয়ের জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের কার্যকলাপ তৈরি করেন নির্মাতারা। অন্য পক্ষ অবশ্য মনে করছেন, মালাইকা প্রকাশ্যে সম্পূর্ণ বিষয়টির প্রতিবাদ করে সঠিক পদক্ষেপ করেছেন। এই ঘটনার পর মালাইকা তার তরফে অবশ্য কোনও বিবৃতি দেননি।