
কুবি প্রতিনিধি:
“জুলাই শহিদ দিবস” উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদদের স্মরণে এই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ১৬ জুলাই শহিদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
দোয়া অনুষ্ঠানের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, জুলাই-আগস্টে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহিদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন।