
কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয় (জিয়া পরিষদ) রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা রাতের অন্ধকারে কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিনশেড কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ভেতরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন,
“কীভাবে আগুন লাগল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তসাপেক্ষ।”
অন্যদিকে কুলিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন বলেন,
“সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আমাদের স্থানীয় নেতাদের নানা ধরনের হুমকি দিচ্ছিল। তাই এই অগ্নিকাণ্ডে তাদের সংশ্লিষ্টতাও উড়িয়ে দিচ্ছি না। তদন্তেই সব পরিষ্কার হবে।”
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান,
“এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।”
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শনিবার সকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, যদি এটি কোনো দুর্বৃত্তদের পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, তবে এর সঠিক তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। পুরো ঘটনাটি এখন তদন্তাধীন রয়েছে।