
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে মোঃ গিয়াস উদ্দিন (২৭) ও রেদোয়ান শেখ ওরফে মুমিন (১৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা পিরোজপুর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করছিল।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ টাকার ২,৮০,০০০ এবং ৫০ টাকার ৩,১০,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ল্যাপটপ, প্রিন্টার, কালি, কাগজসহ জাল টাকা তৈরির প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জাল টাকা তৈরির পদ্ধতি শিখে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির ব্যবসা চালিয়ে আসছিল। তারা মূলত ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করত। মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ জনবহুল জায়গায় তারা জাল নোট বিতরণ করত এবং প্রতি ১ লক্ষ টাকার জাল নোট ১৫-২০ হাজার টাকায় বিক্রি করত।
বিশেষ করে মেলা, পূজা, উৎসব ও কোরবানির হাটের মতো জনসমাগমপূর্ণ ইভেন্টে তারা বিপুল পরিমাণ জাল টাকা ছাপিয়ে ছড়িয়ে দিত। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চক্রটি জাল নোট তৈরির সময় অব্যবহৃত কাগজ পুড়িয়ে ফেলত, যাতে কোনো প্রমাণ না থাকে। র্যাবের অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি প্রায় ১-২ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।