
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কদমতলী গোল চত্বর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে হাজী শহিদুল ইসলাম বলেন, গত সোমবার তাকে শালিসির নামে ডেকে নিয়ে গিয়ে দীন ফার্নিচারের দোকানে অতর্কিতভাবে যুবলীগ নেতা সাজিদুল ইসলাম (৩৮) হামলা চালায়। তিনি জানান, হামলার পেছনে সম্পত্তি সংক্রান্ত একটি বিরোধ জড়িত, যেখানে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সাজিদুল ইসলাম কদমতলী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার পিতা সামশু হাজিও একজন ভূমি দস্যু হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঋণ খেলাপীর অভিযোগও রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহম্মেদ রতনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলন শেষে কদমতলী এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যেখানে হামলার নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।