
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম এবং কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল সহ অনেকে।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী সংগঠনের নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।