
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘মানুষের পাশে আমরা’এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্র্যাক মাইক্রোফ্রিন্যান্স কোটচাঁদপুর শাখার উদ্যোগে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কোটচাঁদপুর ব্র্যাক অফিস চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক রওশনআরা খাতুন, এলাকা ব্যবস্থাপক জুলিয়া পারভীন, শাখা ব্যবস্থাপক মিঠুন কুমার রায়সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাকের একটি নিয়মিত মানবিক কার্যক্রম। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আগত তিন শতাধিক অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন দয়ারামপুর গ্রামের বৃদ্ধা আয়েশা, লক্ষীকুন্ডু গ্রামের বৃদ্ধা আল্পনা, জয়দিয়া গ্রামের দুর্গাসহ উপস্থিত অনেকেই। তারা শীতের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।