
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের অভিযোগে দুটি ওষুধ দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দোকান মালিক নাহিনকে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০ (খ, গ, ঘ) ধারায় ৫ হাজার টাকা এবং দোকান মালিক ইলিয়াস হোসেনকে একই আইনের ৪০ (গ, ঘ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানে সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক ইকরামুল করিম।
এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মণ্ডলসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোটচাঁদপুর মডেল থানার একটি চৌকস পুলিশ দল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ও মানহীন ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।