
কোটচাঁদপুর প্রতিনিধি:
“হাসিমুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কমিটি ঘোষণা, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ জানুয়ারি)বিকাল ৩টায় কোটচাঁদপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সভাপতি মাস্টার মশিউর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল আলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, হরিণদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও পরিচালক ওমর ফারুক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সমাজসেবীরা। এছাড়া উপস্থিত ছিলেন নতুন সভাপতি মিলন আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মেহেদী হাসানসহ ব্লাডব্যাংকের কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য—জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। হঠাৎ অসুস্থতায় হাসপাতালে ভর্তি রোগীর জন্য রক্তের সংকট পরিবারকে চরম হতাশায় ফেলে দেয়। এমন সময় স্বেচ্ছাসেবী রক্তদাতারা এগিয়ে এলে রোগীর জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কোটচাঁদপুর ব্লাডব্যাংকের থিম সং ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।