
কোটচাঁদপুর প্রতিনিধি
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাজেদুল ইসলাম মিন্টু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মাজেদুল ইসলাম মিন্টু উপজেলার বলুহর গ্রামের তোফাজ্জেল ঢালীর ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি)কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।
যোগদানের পর মাজেদুল ইসলাম মিন্টু জানান, জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমীর মাওলানা তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এবং উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীতে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাজেদুল ইসলাম মিন্টু বলেন,
“বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।