
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।গত রবিবার (২৭ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় প্রতারণার ঘটনায় রেভিনিউ ডেপুটি কালেক্টর ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিয়োগ বোর্ডের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ টি শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী সদরের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গত শুক্রবার (২৫ অক্টোবর) লিখিত পরীক্ষায় অংশ নেয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জন প্রার্থীকে নিয়ে শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ বাছাই কমিটির উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি।
মৌখিক পরীক্ষা চলাকালীন কয়েকজন প্রার্থীর মধ্যে অসংগতি দেখা গেলে কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গরমিল পাওয়া যায়। যার কারণে তাদের বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ শেষে ২২ জন পরীক্ষার্থীকে সনাক্ত করা হয়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম বলেন, ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।